হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছোটন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর নীলকমল ইউনিয়নের পেদাকান্দি এলাকায় দাদন পেদার বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাইমচর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. আবদুর রব সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ছোটন মিয়াকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছোটন মিয়া উপজেলার ৪ নম্বর নীলকমল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পেদাকান্দি গ্রামের মোশারফ পেদা ও রাশিদা বেগমের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় হাইমচর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৪৭, তারিখ ২৯ অক্টোবর ২০২৬। পরে ওই দিনই তাঁকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়।












