নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে এক জমির মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযানকালে অনুমোদনবিহীনভাবে কৃষি জমির মাটি কাটার সত্যতা পাওয়া যায়। ফলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত জমির মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থলে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা এবং উপজেলা আনসার সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।













