চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে জমি থেকে জোরপূর্বক তাল পাড়তে বাধা দেওয়ায় মো. হারুন শেখ (৩৮) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল উচ্ছৃঙ্খল যুবক।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় আহতের বৃদ্ধ পিতা হাজী মো. লোকমান শেখ বাদী হয়ে জহির আখন, শাকিল মোল্লাসহ ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে হাইমচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা দীর্ঘদিন ধরে লোকমান শেখের খরিদকৃত জমির গাছ থেকে জোরপূর্বক ফলমূল পেড়ে নিয়ে আসছিল। ঘটনার দিন তারা দলবদ্ধ হয়ে গাছ থেকে তাল পাড়তে গেলে হারুন শেখ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে লাঠিসোঁটা ও ইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।













