Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে এক কিলোমিটার সড়ক এখন ‘মরণফাঁদ’: চরম দুর্ভোগে মানুষ

হাইমচরে এক কিলোমিটার সড়ক এখন ‘মরণফাঁদ’: চরম দুর্ভোগে মানুষ

হাইমচর প্রতিনিধি:

​চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছৈয়াল মোড় থেকে মরহুম আব্দুর রহমান চেয়ারম্যান এতিমখানা মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক এখন স্থানীয়দের জন্য এক আতঙ্কের নাম। মাত্র তিন বছর আগে নির্মিত এই সড়কটি সংস্কারের অভাবে বর্তমানে বড় বড় গর্ত আর ভাঙনের ফলে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্তের। বিশেষ করে ছৈয়াল বাড়ি সংলগ্ন পুকুর পাড় এলাকাটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, সেখানে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। খানাখন্দের কারণে প্রায়ই এখানে ছোট-বড় যানবাহন উল্টে দুর্ঘটনাকবলিত হচ্ছে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধারণক্ষমতার অতিরিক্ত বালু ও ইটবাহী অবৈধ ট্রাক্টর ও পাওয়ার ট্রলি নিয়মিত চলাচল করায় সড়কটির স্থায়িত্ব নষ্ট হয়েছে। দ্রুত সড়কটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

অটোচালকরা জানান, এই রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করা এখন অসম্ভব। কয়েকবার গাড়ি উল্টে যাত্রী আহত হওয়ার ঘটনায় চালকরা এখন এই পথে গাড়ি চালাতে ভয় পাচ্ছেন।

​সড়কটির বেহাল দশার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শত শত শিক্ষার্থী। ভাঙা রাস্তার কারণে কোনো যানবাহন আসতে না চাওয়ায় তাদের দীর্ঘ পথ হেঁটে যাতায়াত করতে হচ্ছে। এতে তারা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারছে না। এছাড়া রাস্তার বালু উড়ে শ্বাসকষ্ট ও সর্দি-কাশির মতো স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

​এলাকাবাসীর এই চরম ভোগান্তি নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী জানান, ​”আমরা জনদুর্ভোগের বিষয়টি অবগত আছি। নির্বাচনের পর বরাদ্দ আসায় এই রাস্তাটিকে অগ্রাধিকার দিয়ে ইঞ্জিনিয়ারের মাধ্যমে এস্টিমেট করে প্রধান নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারি প্রক্রিয়া শেষ হলেই দ্রুত কাজ শুরু হবে।”

​উপজেলা স্থানীয় প্রকৌশলী (এলজিইডি) আশরাফুল হাসান জানান, চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ গ্রাম সড়ক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মহজমপুর ঈদগাহ থেকে ছৈয়াল বাড়ি পর্যন্ত ৮.৫ কিলোমিটার সড়কটির (যা এলজিইডি আইডি ভুক্ত) সংস্কারের প্রস্তাবনা ইতোমধ্যে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।

দীর্ঘদিন ধরে চলা এই অবর্ণনীয় কষ্ট লাঘবে আর কোনো কালক্ষেপণ না করে দ্রুত বাস্তবভিত্তিক পদক্ষেপ দেখতে চায় হাইমচরের এই জনপদের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts