নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা দিয়ে যাওয়া একটি সন্দেহভাজন যাত্রীবাহী ট্রলারে তল্লাশি চালায় কোস্ট গার্ড সদস্যরা। তল্লাশিকালে ট্রলারটি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজন মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৫ কেজি গাঁজা (মূল্য প্রায় ১.৫ লক্ষ টাকা)।আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মাদকের বিস্তার রোধ এবং পাচারকারীদের দমনে কোস্ট গার্ডের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। দেশের জলসীমানাকে নিরাপদ রাখতে এবং মাদক পাচার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।












