চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে বিকাশের ডিস্ট্রিবিউশন অফিসের টাকা এজেন্টদের না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে অপহরণের নাটক সাজানোর চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ। ডিএসও (এসআর) মো. রাব্বির বসতঘরের মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে আত্মসাৎকৃত ৯ লাখ টাকা। এই ঘটনায় প্রধান অভিযুক্ত রাব্বি ও তার সহযোগীকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ঢাকা ব্যাংক শাখা থেকে ৯ লাখ টাকা উত্তোলন করেন ‘মেসার্স দিবা এন্টারপ্রাইজ’ (বিকাশ ডিস্ট্রিবিউটর) এর ডিএসও মো. রাব্বি (২২)। নিয়ম অনুযায়ী এই টাকা সদর উপজেলার বিভিন্ন এজেন্টদের মধ্যে বিতরণ করার কথা ছিল। কিন্তু টাকা নিয়ে বের হওয়ার কিছুক্ষণ পরেই রাব্বি নিখোঁজ হয়ে যান এবং পরে অফিসে ফোন করে দাবি করেন যে তাকে অপহরণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে তদন্তে নামে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই কালাম গাজী জানান, রাব্বির কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, অপহরণ বা হামলার কোনো ঘটনাই ঘটেনি; বরং টাকাগুলো আত্মসাৎ করতেই তিনি এই নাটক সাজিয়েছিলেন।
মঙ্গলবার দুপুরে রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। ঘরের মেঝের মাটি খুঁড়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় নিখোঁজ হওয়া ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় সহযোগিতার অভিযোগে মো. ফরহাদ হোসেন (২১) নামের আরও একজনকে আটক করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন “অভিযুক্তরা বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের চেষ্টা করেছিল। আমরা টাকাগুলো জব্দ করেছি এবং আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













