নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পাঁচটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) উপজেলার চান্দ্রা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে নিচের প্রতিষ্ঠানগুলোকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়, চিটাগং বেকারি: উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ২০,০০০ টাকা। স্বাদ বেকারি: একই অপরাধে ৫,০০০ টাকা। আদর্শ ফার্মেসী: মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৩০,০০০ টাকা। মেসার্স শাহা মেডিকেল হল: একই অপরাধে ২০,০০০ টাকা। বেঙ্গল মেডিকেল হল: একই অপরাধে ১৫,০০০ টাকা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার প্রদান করে।
অভিযানকালে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।













