নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজার থেকে চরভৈরবী অভিমুখী সড়কে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল আমিন পাটওয়ারী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রী নামিয়ে দুটি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে ফিরছিল। পথে আলগী বাজার-চরভৈরবী সড়কের নুরুল আমিন পাটওয়ারী বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ঢাকা মেট্রো-ছ ৭১-৩৭৬১ নম্বরধারী অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনায় আহতরা হলেন— উপজেলার কালা চৌকিদার মোড় এলাকার চা দোকানী সাকিল খান এবং মহজমপুর গ্রামের তাজুল তালুকদারের ছেলে রাব্বি।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘাতক অ্যাম্বুলেন্সের চালক ঘটনাস্থলে গাড়ি রেখে কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













