স্টাফ রির্পোটার:
চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকসহ সকল নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যুবদলের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
আবদুল মোনায়েম মুন্না চাঁদপুরে তার প্রথম সফরে এসে এমন সুন্দর আয়োজন দেখে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছেন। সেই বার্তা হচ্ছে মানুষের কাছে যাওয়া এবং উদারতা ও ভালোবেসে মন জয় করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, তারেক রহমান নামের আগে কোনো বিশেষণ চাচ্ছেন না।
মুন্না শেখ ফরিদ আহমেদ মানিকের রাজনৈতিক পরিকল্পনাকে ‘অত্যন্ত চমৎকার’ আখ্যা দিয়ে বলেন, এটি চাঁদপুরের রাজনীতিকে এক ধাপ এগিয়ে দিয়েছে।
তিনি স্মৃতিচারণ করে বলেন, “চাঁদপুর ছিলো সন্ত্রাসীদের অভয়ারণ্য। এখানে মায়া, দীপু মনি, মহিউদ্দিন খান আলমগীরের সন্ত্রাসী বাহিনীর সাথে লড়াই করে টিকে আছে। আপনাদের মাঝে মেঘনার তরঙ্গের মতো উত্তাল আছে।” তিনি দুঃখ প্রকাশ করে জানান যে, মানিক ভাইয়ের বাড়িটিও একাধিকবার পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই সন্ত্রাসীদের ধরতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি যুবদল নেতাদের প্রতি নির্দেশনা দেন: “আপনাদের নির্বাচন উপলক্ষে নির্দেশনা দেওয়ার মতো কিছু নেই।” “আপনারা শুধু ইমানী দায়িত্ব পালন করবেন।” তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, “ইনশাল্লাহ এ অঞ্চলে বিএনপির ভোট বেশি।” তবে সতর্ক করে বলেন, “ভোট বেশি আছে বলে ঘুমালে হবে না।” তিনি জোর দিয়ে বলেন, “চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে হলে যুবদলকে মানুষের কাছে যেতে হবে। এবারের নির্বাচন অনেক কঠিন হবে।”
চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক প্রধান অতিথি আবদুল মোনায়েম মুন্নাকে ব্যক্তিগতভাবে পছন্দ করার কথা জানান। তিনি চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেন:
“যে যেখানেই কাজ করেন ধানের শীষের জন্য কাজ করবেন। কোনো ব্যক্তির জন্য আপনারা এই মহুর্তে কাজ করার দরকার নেই। ধানের শীষের জয়লাভ হলেই আমাদের সকলের জয়লাভ হবে।”
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারেন-এর যৌথ পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ এজমল হোসেন পাইলট, আজহারুল ইসলাম মিলন, দেওয়ান অলি উদ্দিন সুমন, সাজেদুল ইসলাম, সোহেল আলম, অ্যাড. তানভীর হাসান সোহেল, মো. সাইদুর রহমান সোহেল, মমিনুল ইসলাম, তারেকুর রহমান, আনোয়ার হোসেন চাঁদ, সাখাওত হোসেন সাইদ, দীদার হোসেন, মানিক সরকার প্রমুখ।
এছাড়াও চাঁদপুর জেলা ও সকল উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল। মতবিনিময় সভা শেষে যুবদলের নেতারা ঐক্যবদ্ধ থাকার এবং দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/













