মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলবের ছয় বছর বয়সী বিস্ময় বালক সোহান প্রধানিয়া অবশেষে তার স্বপ্নপূরণের পথে। ফুটবলের অসাধারণ দক্ষতা দেখিয়ে ইতোমধ্যেই আলোচনায় আসা এই ক্ষুদে ফুটবলার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ডাক পেতে যাচ্ছে। সবচেয়ে আনন্দের খবর হলো, তাকে সম্পূর্ণ বিনামূল্যে পড়ালেখা ও প্রশিক্ষণের জন্য পূর্ণ বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১০ নভেম্বর) ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, সোহানকে বিকেএসপিতে রেখে একজন উজ্জ্বল ভবিষ্যৎ ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে।
সোহান প্রধানিয়া মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা। তার বাবা সোহেল প্রধানিয়া এলাকায় সাইকেল মেরামতের কাজ করেন। অভাবের মধ্যেও ছেলের ফুটবল প্রতিভাকে তিনি লালন করেছেন।
ক্রীড়া উপদেষ্টার এই ঘোষণার পর সোহানের বাবা সোহেল প্রধানিয়া আনন্দে আপ্লুত হয়ে পড়েন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আল্লাহ তা’আলা মনে হয় আমার ডাক শুনেছেন। আমি গরিব মানুষ, তবুও আমার চেষ্টা থামাইনি। সোহানকে তারেক রহমান সাহায্য করছেন, আমাদের ইউএনও ম্যাডামও সাহায্য করছেন। বর্তমান ক্রীড়া উপদেষ্টার দয়ায় আমার ছেলের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার ছেলে যেন বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করতে পারে।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি জানিয়েছেন, “অসম্ভব প্রতিভাসম্পন্ন এই ‘খুদে মেসির’ জন্য আমরা সব ধরনের চেষ্টাই অব্যাহত রেখেছি। নগদ অর্থ সহায়তা, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও নিয়মিত প্রশিক্ষণের জন্য স্থানীয় প্রশিক্ষকের ব্যবস্থা করা হয়েছে।”
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও সোহানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। জানা গেছে, ৭ বছর বয়সে বিকেএসপিতে ভর্তির আগ পর্যন্ত সোহানকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ও ক্রীড়া সামগ্রী দেওয়া হচ্ছে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এই ঘোষণার পর মতলবের ক্রীড়াঙ্গনসহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা দিয়েছে। সকলের প্রত্যাশা, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় এই বিস্ময় বালক একদিন দেশের ফুটবলে বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













