স্টাফ রির্পোটার:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের বেতন স্কেল উন্নীতকরণের এক দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করেছেন। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে চলা লাগাতার অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা এই দুই উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
শিক্ষকরা এদিন সকাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিনের পূর্ণ কর্মবিরতি পালন করছেন। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠনের এই যৌথ কর্মসূচি থেকে শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে, তাদের মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
সহকারী শিক্ষকদের প্রধান ও জোরালো দাবি হলো— বর্তমান ১৩তম গ্রেড থেকে তাদের বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নীত করা হোক। দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান ঘটাতেই তারা রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন।
শিক্ষকরা এর আগে শনিবার শাহবাগে তাদের ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে আহত হওয়ার ঘটনায় কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালায়।
শনিবার সকালে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেলে পদযাত্রার সময় শাহবাগ থানার সামনে পুলিশের বাধার মুখে শিক্ষক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে শতাধিক শিক্ষক আহত হন বলে দাবি করা হয়েছে।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলত কর্মসূচির ডাক দেয়। দশম গ্রেড বাস্তবায়নসহ শিক্ষকদের তিন দফা দাবি হলো:
১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান। ২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান। ৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
শিক্ষকরা বলছেন, শিক্ষার গুণগত মান বজায় রাখতে হলে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। তাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি থেকে সরকার দ্রুত দাবি পূরণে পদক্ষেপ নেবে বলে তারা আশা করছেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/








