হাইমচর প্রতিনিধি:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (০১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও হাইমচর সমবায় বিভাগ এর যৌথ আয়োজনে উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর পূর্বে উপজেলা পরিষদের সম্মুখে থেকে র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর স্বাগত বক্তব্য, সফল সমবায়ীর বক্তব্য প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে সমবায়ের গুরুত্ব ও দেশের অর্থনীতিতে এর ভূমিকা তুলে ধরেন এবং সমবায়ীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সবশেষে সভাপতি সমাপনি বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
উপজেলা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের আদর্শকে কাজে লাগিয়ে সকলকে একযোগে কাজ করার উপর গুরুত্ব তুলে ধরেন।
আরো দেখুন: https://haimcharprotidin.com/













