নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মোহনপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সন্ত্রাসী গ্রুপের ৫ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তাদের কাছ থেকে ১টি বিদেশি শটগান, গোলাবারুদ, ১টি স্পিড বোট ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এই গ্রুপটি দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযানগুলোতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের মতো নানা অপকর্ম করে আসছিল।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সূত্রে খবর আসে, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে অস্ত্র প্রদর্শন করে অভ্যন্তরীণ নৌ-রুটে চলাচলকারী নৌযানগুলো থেকে নিয়মিতভাবে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
এই তথ্যের ভিত্তিতে, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর থেকে একটি বিশেষ অভিযান দল উক্ত এলাকায় রওনা হয়।
অভিযান চলাকালে ডাকাত দলটি বাল্কহেড-এ ডাকাতি করার সময় কোস্ট গার্ড সদস্যরা তাদের হাতেনাতে ধরে ফেলে। ঘটনাস্থল থেকে কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গোলা, ২টি ওয়াকি টকি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৬টি মোবাইল, ১টি স্পিড বোট এবং নগদ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “অভ্যন্তরীণ নৌপথকে সম্পূর্ণ নিরাপদ ও অপরাধমুক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত রাখবে।”
আরো পড়ুন: www.haimcharprotidin.com













