নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ইউনাইটেড পার্টির (বিইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রধানীয়া।
আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে জাকির হোসেন প্রধানীয়ার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনাইটেড পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মাসুদ মিয়া, চাঁদপুর জেলা বিইউপির আহ্বায়ক মো. আওলাদ হোসেন প্রধানিয়া। এছাড়াও এলাকার তিনজন প্রবীণ ব্যক্তিত্ব ও মুরব্বি প্রার্থীর পাশে থেকে তাঁকে সমর্থন জানান।
মনোনয়নপত্র সংগ্রহের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মো. জাকির হোসেন প্রধানীয়া বলেন, “হাজীগঞ্জ-শাহরাস্তির জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতেই আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে এবং তারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।”
তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, অবকাঠামো এবং বেকারত্ব দূরীকরণে তিনি একটি আধুনিক ও মডেল নির্বাচনী এলাকা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে এই আসনে নির্বাচনী সমীকরণ আরও জমে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, চাঁদপুর-৫ আসনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। তবে বিইউপি চেয়ারম্যানের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













