স্টাফ রিপার্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জে ভোরে মাছ কিনতে যাওয়ার পথে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রোমান পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন বাপ্পি (১৮) ও সোহাগ (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে রোমান তার সঙ্গীদের নিয়ে পায়ে হেঁটে মাছের বাজারে যাচ্ছিলেন। পথে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) পেছন থেকে তাদের চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বিক্ষুব্ধ জনতা ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে এবং পরে পুলিশ ভ্যানটি জব্দসহ এর চালক ও তার সহযোগী ইমরান (২৬) এবং মোঃ ইকরাম (২৩) নামে দুজনকে আটক করেছে। তারা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা এবং সহোদর।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালকসহ দুজনকে আটক করা হয়েছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













