নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদা, উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসকমোঃ নাজমুল ইসলাম সরকার এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ রবিউল হাসান জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধান ও বিশেষ অতিথি সম্মিলিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকদের উপস্থিতিতে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ কুচকাওয়াজ পরিবেশন করেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনাকে উপজীব্য করে নান্দনিক শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী দলগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানটি সরাসরি কভার করেন।
বক্তারা তাদের বক্তব্যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













