চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ এই নোটিশ প্রদান করেন। অভিযুক্ত প্রার্থীরা হলেন— চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমদ।
বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ফেসবুকের মাধ্যমে নির্ধারিত সময়ের আগে প্রতীক সংবলিত ফটোকার্ড পোস্ট করে প্রচারণা চালানোর অভিযোগে তাকে শোকজ করেছেন কমিটির চেয়ারম্যান শুভ ইসলাম।
খেলাফত মজলিস এর তোফায়েল আহমদ স্থানীয় পত্রিকায় প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ করেছেন কমিটির চেয়ারম্যান শম্পা ইসলাম।
নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনের নির্দিষ্ট তারিখের তিন সপ্তাহ আগে প্রচারণা চালানো আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি (সোমবার) সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বক্তব্য ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দ্রুত এই নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।













