Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • যারা নির্বাচনে ভয়ভীতি দেখাবে, তারাই যেন ভয় পায়: ইসি সানাউল্লাহ

যারা নির্বাচনে ভয়ভীতি দেখাবে, তারাই যেন ভয় পায়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাংলাদেশের ইতিহাসে একটি ‘অনন্য সাধারণ ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “নির্বাচন হবে একটি আনন্দময় উৎসব। যারা এই উৎসবকে সামনে রেখে সাধারণ মানুষকে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করতে চায়, তারাই যেন ভয় পায়—সেটা নিশ্চিত করাই আমাদের মূল কাজ।”

আজ সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, কমিশনের কোনো নির্দিষ্ট পক্ষের প্রতি পক্ষপাত নেই। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারেন, তা নিশ্চিত করাই বর্তমান কমিশনের প্রধান উদ্দেশ্য। তিনি আরও যোগ করেন, “এই নির্বাচন আমাদের জাতীয় ভাবমূর্তি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গৌরব এবং বিশ্বদরবারে বাংলাদেশের আস্থা ও বিনিয়োগের সঙ্গে জড়িত। গণতান্ত্রিক ঘাটতি থাকলে দেশের অপূরণীয় ক্ষতি হয়, যা আমরা আর দেখতে চাই না।”

নির্বাচনের সময় অবৈধ আর্থিক লেনদেন বন্ধে কঠোর পদক্ষেপের কথা জানিয়ে ইসি বলেন, “নির্বাচনী এলাকায় মোবাইল ব্যাংকিং যেমন—বিকাশ, নগদ, রকেট ও অন্য মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের ওপর বিশেষ নজরদারি করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রকার অসামঞ্জস্যপূর্ণ লেনদেন ধরা পড়লে তাৎক্ষণিক তদন্ত করা হবে।”

ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় তিনি নতুন একটি নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি জানান, ভোটকেন্দ্রে প্রিজাইডিং বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কোনো কলম থাকবে না; শুধুমাত্র পেন্সিল ব্যবহার করা যাবে। এছাড়া পেশাদার সাংবাদিকদের বাইরে অপেশাদার কেউ যেন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশব্যাপী একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মোট ছয়টি বিশেষ টিম কাজ করছে বলে সভায় জানানো হয়।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts