নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তাল চাঁদপুর। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার দিনভর চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন এবং পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।
রাজরাজেশ্বর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “চরের অবহেলিত মা-বোনদের সুচিকিৎসার জন্য চাঁদপুর বা শরীয়তপুর ছাড়া গতি নেই। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যেতেই দুই ঘণ্টা সময় লাগে। এই কষ্ট লাঘবে তারেক রহমান মা-খালাদের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’-এর ব্যবস্থা করবেন। বাংলাদেশের ইতিহাসে নারীদের নিয়ে এমন সুদূরপ্রসারী চিন্তা আর কেউ করেনি।”
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মানিক আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি প্রতিশ্রুতি দেন যে, যারা কৃষক তারা ‘কৃষি কার্ড’ পাবেন, জেলেরা ‘জেলে কার্ড’ পাবেন এবং ঘরের গৃহকর্ত্রীরা পাবেন ‘ফ্যামিলি কার্ড’। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
রাজরাজেশ্বরের ভৌগোলিক সমস্যার কথা উল্লেখ করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “এখানে ভোটকেন্দ্রের দূরত্ব বেশি। নদীতে যখন জোয়ার থাকবে, যাতায়াতের সুবিধা দেখে আপনারা সঠিক সময়ে ভোট দিতে আসবেন।”
গতকাল সকাল ১০টায় রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ি বাজার থেকে গণসংযোগ শুরু করেন মানিক। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডের বাজার ও প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক করেন। বিকেলে চাঁদপুর পৌর এলাকার কয়লা ঘাট এবং উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক দুটি সভায় যোগ দেন তিনি। সন্ধ্যায় চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির ব্যবসায়ীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। রাজরাজেশ্বর ইউনিয়নের বৈঠকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী এবং পৌর এলাকার সভায় অ্যাডভোকেট হারুনুর রশীদ সঞ্চালনা করেন। এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













