স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রতীক গ্রহণ করেছেন। গতকাল বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কাছ থেকে তিনি এই প্রতীক গ্রহণ করেন।
প্রতীক গ্রহণ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সকাল থেকেই বিএনপির হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। প্রতীক গ্রহণ শেষে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সঙ্গে নিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিলসহ পুরো শহর প্রদক্ষিণ করেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে চাঁদপুর শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা।
এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকে আমরা মার্কা পেয়েছি। আপনারা সবাই মার্কা নিতে এসেছেন। আপনাদের প্রতি আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। তবে আমাদের একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করতে হবে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল। নির্বাচনের মাঠে সব দলের প্রার্থী সমান।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













