শাহরাস্তি প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মঈনুল ইসলাম কাজল। সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন ফয়েজ আহমেদ ও কামরুজ্জামান সেন্টু। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মো. মহিউদ্দিন।
বুধবার (২৪ ডিসেম্বর) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান প্রধান রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে সহযোগিতা করেন সহকারী রিটার্নিং অফিসার সাংবাদিক সজল পাল ও জসিম উদ্দিন।
নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদি ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী সাহাদাত, সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার প্রকাশক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এবং কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।
পেশাদার সাংবাদিকদের এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আরও আসেন চাঁদপুর-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল হোসাইন, শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন বাদলসহ স্থানীয় সুশীল সমাজ ও শিক্ষক প্রতিনিধিরা।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার আগে আমন্ত্রিত অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। বিকেলে রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। শাহরাস্তি প্রেসক্লাবের এই নতুন কমিটিকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













