নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তেতুলতলার পূর্বপাশে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া মোঃ হাবিব মিজির পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে ডেউটিন নিয়ে তাদের কাছে ছুটে যান এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।
গত রবিবার (২৩ নভেম্বর) সকালে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে হাবিব মিজির একমাত্র বসতঘরটি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক মানবিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত বাড়িতে উপস্থিত হন। এ সময় এডভোকেট মোঃ শাহজাহান মিয়ার পক্ষ থেকে হাবিব মিজির হাতে ডেউটিন তুলে দেওয়া হয়। পুনর্বাসনের পুরো প্রক্রিয়ায় আরও সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের এমপি প্রার্থী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মুহাম্মদ ইমরান খান, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহস যোগানোর পাশাপাশি যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় সাধারণ জনগণ জামায়াতের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













