নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে নির্বাচনী হাওয়া জমে উঠেছে। ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া আজ দিনভর চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে দোয়া চান এবং আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
রবিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অ্যাডভোকেট শাহজাহান মিয়া ইউনিয়নের কাজীপাড়া, দাসদী রোড, সাততারা ক্লাব এলাকা, সেনের দিঘীরপাড়, আখন্দ বাড়ি, খন্দকার বাড়ি ও হাফেজ সরদার বাড়িসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান। এ সময় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। প্রার্থীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান মিয়া বলেন “ইসলামী রাজনীতিই পারে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায় ও সমতার প্রতীক—এই প্রতীকের বিজয় মানেই জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়।”
তিনি আরও যোগ করেন, তারা ভয় বা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নন, বরং সত্য ও সেবার মাধ্যমে জনগণের ভালোবাসা জয় করতে চান।
গণসংযোগে প্রার্থীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুকুর মস্তান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিস শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমেদ, সিনিয়র সাংবাদিক এ এম ইদ্রিস খান এবং উপজেলা আইটি ও মিডিয়া সেক্রেটারি জুবায়ের হোসেন রাকিব।
এছাড়াও স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সরদার, সেক্রেটারি মো. ফয়সাল খান, জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশীসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













