নিজস্ব প্রতিবেদক:
সরকারি উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা। মঙ্গলবার (৬ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মাসিক এনজিও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউএনও বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, প্রকল্পের সুফল যেন প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছায় সেদিকে বিশেষ নজর দিতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
সভায় শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোকে তাদের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। এছাড়া মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে এনজিও প্রতিনিধিরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সেলিম পাটোয়ারী, ব্র্যাক (BRAC) জেলা সমন্বয়ক জিয়াউর রহমান, সিসিডিএ-এর সদর উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তার, স্কয়ার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক বি এম হাসান, সদর উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা নাসির হোসেন।
সভায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিরা তাদের চলমান কার্যক্রমের চিত্র তুলে ধরেন। ভবিষ্যতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













