চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।
বুধবার দিনব্যাপী বিষ্ণুপুর ইউনিয়ন ও পৌর ১নং ওয়ার্ডে সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বিষ্ণুপুরের কাজীর বাজার, গাজী বাড়ি, লালপুর এবং পৌরসভার নতুন রাস্তা, মসজিদ পট্টি ও ফল পট্টিসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়ি ও দোকানপাটে গিয়ে খোঁজখবর নেন। এসময় স্থানীয়রা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মতবিনিময়কালে এমপি মানিক বলেন, “নির্বাচিত হয়েছি এখন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশেই থাকবো। চাঁদপুর-৩ আসনের প্রতিটি গ্রাম ও মহল্লার উন্নয়নই আমার অগ্রাধিকার। কোনো ধরনের অনিয়ম ও জনভোগান্তি বরদাশত করা হবে না।”
বিকেলে তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টারের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় জেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নির্বাচনের পরপরই এমপির এমন সরাসরি গণসংযোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ ভোটাররা।
আরো পড়ুন: www.haimcharprotidin.com












