ডেক্স রির্পোট:
চাঁদপুরের ২৩তম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন ২৯তম বিসিএস কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। সোমবার (১৭ নভেম্বর) রাতে তিনি ঢাকা থেকে চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছান।
সার্কিট হাউজে পৌঁছালে নতুন জেলা প্রশাসককে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁকে স্বাগত জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহার।
এছাড়াও, ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসকরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা পৃথকভাবে ফুল দিয়ে নবাগত ডিসিকে বরণ করে নেন। এরপর মো. নাজমুল ইসলাম সরকার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন।
গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কর্মজীবনে তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম বিষয়ক ফোকাল পার্সন, এবং রাজশাহী জেলার গোদাগাড়ী ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, নতুন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ২৯তম বিসিএসে মেধাতালিকায় ৪৫তম স্থান অর্জন করেন। তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা।
অন্যদিকে, একই দিনে জারি হওয়া অপর এক প্রজ্ঞাপনে চাঁদপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব) কে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। তিনি ১৬ নভেম্বর বিকেলে চাঁদপুরে তাঁর শেষ কর্মদিবসে দায়িত্ব পালন শেষে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













