নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলা মজলিস অফিসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে উন্নত জাতি গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মাওলানা হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, “আমরা এ জাতিকে উন্নত জাতি হিসেবে গঠন করতে চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করে।”
তিনি তার নির্বাচনী আসনের ভোটারদের উদ্দেশ্য করে বলেন, “মুসলমান ন্যূনতম ইমানি চেতনায় উদ্বুদ্ধ থাকলে আমি নির্বাচিত হব। আমার সংসদীয় আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটের চেয়ে কয়েকগুণ বেশি মুসলমান ভোটার রয়েছে। সেই হিসেবে মুসলমানগণ ইমানি চেতনার মধ্যে থাকলে আমি জয়লাভ করব।
নির্বাচিত হলে ‘ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মাওলানা হাবিবুর রহমান বর্তমান সমাজ ও শিক্ষাব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “শিক্ষা নামের অশিক্ষা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শিক্ষা নামের অশিক্ষার কারণে যুবকরা ইসলাম ও কোরআনের আদর্শ থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে আমাদের খেলাফত ব্যবস্থা কায়েম করতে বেগ পেতে হচ্ছে।“
তিনি আরও যোগ করেন, “এই সমাজে এখন অন্যায়টাই ন্যায় হয়ে গেছে, বর্তমানে কোনো সঠিক শিক্ষা নেই।”
প্রার্থী মাওলানা হাবিবুর রহমান স্পষ্ট করে বলেন, তাদের লক্ষ্য হলো খেলাফত ব্যবস্থার মাধ্যমে রাসুলে করিম (স)-এর আদর্শ বাস্তবায়ন করে ইসলামি সমাজ, ইনসাফভিত্তিক সমাজ ও ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে জাতিকে উন্নত করা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি শাহাদাত হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদুল রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামরুজ্জামান এবং সহ-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













