নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ২৫ ডিসেম্বর রাজধানী ঢাকার ৩০০ ফিট সড়কে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলা থেকে অন্তত অর্ধলক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এই বিশাল জনসমাগম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর থেকে নেতাকর্মীদের ঢাকায় পৌঁছে দিতে শতাধিক লঞ্চ, কয়েকশ বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার প্রস্তুত রাখা হয়েছে।
তারেক রহমানকে স্বাগত জানাতে চাঁদপুরের প্রতিটি উপজেলায় চলছে প্রস্তুতি সভা, মিছিল ও গণসংযোগ। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা ও নতুন রাজনৈতিক উদ্দীপনা। দীর্ঘ দেড় যুগ পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার সুযোগ আসায় তৃ্ণমূল পর্যায়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক গণমাধ্যমকে বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্ত। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চাঁদপুর জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। কয়েক হাজার নেতাকর্মী নিজ নিজ নির্ধারিত পয়েন্ট থেকে লঞ্চ ও সড়কপথে ঢাকায় রওনা হবেন।”
তিনি আরও জানান, যাতায়াতের সময় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা বিএনপির পক্ষ থেকে তদারকি সেল গঠন করা হয়েছে। পুরো কর্মসূচি যাতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হয়, সে বিষয়ে হাইকমান্ডের কঠোর নির্দেশনা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করেছে। বিশেষ করে চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলো থেকে এমন বিপুল উপস্থিতি রাজধানীতে আয়োজিত এই সংবর্ধনা সভাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













