নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে রাতের আঁধারে ড্রেজারের পাইপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন ড্রেজার ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে চান্দ্রা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চেয়ারম্যান রোড এলাকায় এ ঘটনা ঘটে। রাস্তার পাশে স্তূপ করে রাখা প্লাস্টিক পাইপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগিয়ে দিয়ে দুই ব্যক্তিকে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যেতে দেখা গেছে।
ভুক্তভোগী ড্রেজার ব্যবসায়ী খলিল ছৈয়াল জানান, সেখানে বিপুল পরিমাণ প্লাস্টিক পাইপ স্তূপ করা ছিল। স্থানীয়রা সঠিক সময়ে এগিয়ে না এলে প্রায় ৩ লক্ষ টাকার পাইপ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যেত। এতে তিনি বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তেন।
খলিল ছৈয়াল সংবাদমাধ্যমকে বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকায় ড্রেজারের মাধ্যমে বালুর ব্যবসা করে আসছি। ব্যবসায়িক শত্রুতার জেরে অথবা ঈর্ষান্বিত হয়ে কোনো পক্ষ এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে বলে আমার ধারণা। আমি খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করি।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তিনি তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন এবং এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/









