রাজনৈতিক ডেক্স:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, গণভোটের মাধ্যমে দেশে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন হয়ে যাবে না। এর জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করার সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
শুক্রবার রাজধানীর শাহবাগে ‘নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান : প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচির আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন হয়ে যাবে না; গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধনও হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে।” সংসদ নির্বাচনের পুনরাবৃত্তিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “সেজন্য ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করায় তাকে আমরা সাধুবাদ জানিয়েছি।”
দেশের নারী নির্যাতনের পরিস্থিতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে জান্নাতের টিকেট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে নারীরা নির্যাতিত হয়।”
তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ গড়ে তুলতে না পারার আক্ষেপ প্রকাশ করেন। তিনি আরও বলেন, কিছু কিছু আইন প্রণয়ন হলেও তা কার্যকর হয় না। “আইনের ফাঁকফোকর গলিয়ে নারী নির্যতনকারী ধর্ষকরা বেরিয়ে যেতে পারে।” আবার কিছু ক্ষেত্রে শক্ত আইনের অপব্যবহার নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
স্বাধীনতা ও সার্বভৌমত্বের অর্থ ব্যাখ্যা করে বিএনপির এই নেতা বলেন, এর মানে হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। তিনি বলেন, “নাগরিক হিসেবে যেন আমরা সমান অধিকার ভোগ করতে পারি। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের মধ্যে ধর্মীয় ও সংস্কৃতির বিভাজন থাকবে না।”
তিনি জুলাই আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখা হয়েছে, সেই বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, “জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ।” এর বাইরে চাপিয়ে দেওয়া কোনো প্রস্তাব জনগণ বিবেচনা করবে বলে তিনি মন্তব্য করেন।
নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ। সমাবেশ শেষে, মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত নারীরা মৌন মিছিল করেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













