Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে কৃষক সংগ্রাম পরিষদের সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ফরিদগঞ্জে কৃষক সংগ্রাম পরিষদের সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) অভ্যন্তরে কৃষি রক্ষায় স্লুইসগেটে পুরাতন পাম্পের পরিবর্তে নতুন পাম্প স্থাপন, প্রশাসন কর্তৃক চিহ্নিত ১১৫টি খাল খনন, নদী ও খালের বাঁধ অপসারণ এবং অবৈধ দখল উচ্ছেদসহ বিরাজমান সংকট নিরসনে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার (২৪ নভেম্বর) ফরিদগঞ্জে সমাবেশ, মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে কৃষক সংগ্রাম পরিষদ।

ফরিদগঞ্জে প্রেস ক্লাব চত্বরে ‘চাঁদপুর সেচ প্রকল্পের (সি.আই.পি) অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়নে কৃষক সংগ্রাম কমিটি চাঁদপুর-লক্ষীপুরের’ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, খাদ্য ঘাটতি দূরীকরণ এবং কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে চাঁদপুর-লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলা নিয়ে নির্মিত হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যা ‘চাঁদপুর সেচ প্রকল্প’ (সিআইপি) নামে পরিচিত।

কিন্তু বর্তমানে সিআইপি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির ফলশ্রুতিতে গোটা প্রকল্পটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর খেসারত দিতে হচ্ছে প্রকল্পের অভ্যন্তরের লক্ষ লক্ষ কৃষক, বর্গাচাষি, ইজারা চাষি ও দিনমজুরদের। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে সেচ প্রকল্প কৃষকের জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল, তা এখন অভিশাপে পরিণত হয়েছে।

বক্তারা জানান, খালসমূহ সংস্কারে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় গত ৩৫ বছর ধরে খাল ও নদী খনন এবং নতুন পাম্প স্থাপন করা হয়নি। অকেজো পাম্প দিয়ে এই বিশাল কৃষি এলাকায় সেচের পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলস্বরূপ কৃষক সেচের অভাবে যথাযথ বোরো আবাদ করতে পারছেন না। জলাবদ্ধতার কারণে ফসল পানির নিচে তলিয়ে বিনষ্ট হচ্ছে।

কৃষি ও কৃষক রক্ষায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন করা হয়। চরবাগাদী স্লুইসগেটে পুরাতন পাম্প বদলে ৬টি নতুন পাম্প স্থাপন করতে হবে ।ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক চিহ্নিত ১১৫টি খাল খনন করতে হবে। নদী ও খালের বাঁধ অপসারণ এবং অবৈধ দখল উচ্ছেদ করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আলী আহম্মদ, রহিমা আক্তার কলি, নেছার আহমাদ, নেছার আহাম্মদ দেওয়ান, মমতাজ উদ্দিন সরকার, আলম পাটওয়ারী, আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন কমিটির মোজাম্মেল পাটওয়ারী, আলী রেজা, আ. রশিদ পাটওয়ারী, মৎস্যজীবী সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে কৃষকরা ফরিদগঞ্জ বাজারে এক বিশাল মিছিল বের করেন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। দ্রুত দাবিগুলো বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts