নিজস্ব প্রতিনিধি:
দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বিকালে চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবের রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাংবাদিক সমাজ ও রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় হলো আইন এবং শৃঙ্খলা। যেখানে আইনশৃঙ্খলা থাকে না, সেখানেই প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। আইনশৃঙ্খলা অবনতি হলে সেখানে আইনের হস্তক্ষেপ প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, “যখনই আমরা সত্যের ওপর নিরপেক্ষ থাকি, আপনার আমার মধ্যে তখন কোনো দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয় না। আইন ও শৃঙ্খলা ঠিক থাকলে সমাজে চলাফেরা করতে আর কিছু প্রয়োজন হয় না।”
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে মোঃ মাহবুবের রহমান বলেন, “রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকরা নিঃস্বার্থভাবে কাজ করে থাকে।”
‘দৈনিক প্রিয় চাঁদপুর’ পত্রিকার দীর্ঘায়ু ও নিরপেক্ষতা কামনা করে তিনি বলেন, “প্রিয় চাঁদপুর যাতে আজন্মকাল নিরপেক্ষ থাকে সেই প্রত্যাশা করি।” পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী বিধৌত এই জনপদের মানুষ সবসময়ই প্রতিকূল পরিবেশে বসবাস করে এবং সংগ্রামের মধ্য দিয়ে বেঁচে থাকে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, “সামনের দিনগুলোতে এ পত্রিকা মানুষের কল্যাণে কাজ করবে।”
প্রধান অতিথি আরও বলেন, “আমি নিয়মিত এ পত্রিকাটি পড়ি। আমাদের কাছে প্রিয় চাঁদপুর পত্রিকাটি লেখা ও উপস্থাপন জাতীয় পত্রিকার মতোই মানসম্মত লেখা পাই।”
তিনি দেশ পরিচালনায় সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে বলেন, “দেশ একটি নতুন অধ্যায়ে পরিচালিত হচ্ছে। নতুন সরকার ব্যবস্থা চলছে। জনগণকে জাগ্রত করা, নিরপেক্ষতা বজায় রাখা, আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারলেই আমাদের রাষ্ট্র কাঠামো ঠিকমতো পরিচালনা করা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, পত্রিকার উপদেষ্টা মোস্তফা কামাল, এডভোকেট জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট সেলিম মিয়া, প্রধান সম্পাদক বিপ্লব সরকার, সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক ও প্রকাশক আশরাফুল জাহান শাওলিন, এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম নবী খোকন।
দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ খান ও বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত’র মনোজ্ঞ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মতলব উত্তর প্রতিনিধি গাজী এমদাদুল হক মানিক।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল্লাহ হীল বাকি, চাঁদপুর রেলওয়ে স্টেশন এর কর্মকর্তা মারুফ হোসেন, সাংবাদিক মমিনুল ইসলাম, সুমন আহমেদ, শামীম আহমেদ, যুগ্ম বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম ফাহিম, সহ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী, রোমান মিয়া সহ পত্রিকার বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ।













