স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে মতবিনিময় সভা করেছে জেলা জাতীয় পার্টি। রোববার সকালে শহরের বিপনীবাগ পৌর সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত এই সভায় জাতীয় পার্টির স্থানীয় নেতারা ধানের শীষ প্রতীকের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছে দেশের সাধারণ মানুষ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে চাঁদপুর-৩ আসনের ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে দেশনায়কের হাতকে শক্তিশালী করবেন।”
তিনি আরও যোগ করেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টিও চায় আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসুক। তাদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদের বিজয়কে আরও ত্বরান্বিত করবে।”
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরু মিজি। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা যেহেতু স্বাধীনতার পক্ষের শক্তি, তাই এই আসনে জাতীয় পার্টির নিজস্ব কোনো প্রার্থী না থাকায় আমরা ধানের শীষকে সমর্থন দিচ্ছি। তবে এটি দলের কেন্দ্রীয় কোনো লিখিত সিদ্ধান্ত নয়; আমরা আমাদের এই অবস্থানের কথা কেন্দ্রীয় মহাসচিব ও জেলা সভাপতিকে অবহিত করেছি।”
মানিকের প্রশংসা করে সিরু মিজি আরও বলেন, “মানিক ভাই অত্যন্ত সজ্জন ব্যক্তি। অতীতে তিনি আমাদের দলের কাউকে কোনো প্রকার হয়রানি বা বিরক্ত করেননি। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই আমরা ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে মাঠে থাকব।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টি সভাপতি জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক গোলাম নবী লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীসহ জাতীয় পার্টি ও বিএনপির অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













