হাইমচর প্রতিনিধি:
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে উৎসবমুখর পরিবেশে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে হাইমচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, ঝুঁকি নিরূপণ ও নিরাপদ আশ্রয়ের কোনো বিকল্প নেই। সমন্বিত উদ্যোগ এবং পারিবারিক পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল এবং হাইমচর ফায়ার স্টেশনের লিডার রতন সেখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মানসুর আলম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুনর রশীদ গাজী এবং হাইমচর থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ মাঠে এক মহড়া অনুষ্ঠিত হয়। হাইমচর ফায়ার সার্ভিসের পরিচালনায় আয়োজিত এই মহড়ায় দুর্যোগকালীন আত্মরক্ষা ও প্রাথমিক উদ্ধারকাজ প্রদর্শন করা হয়, যা উপস্থিত আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপভোগ করেন।














