স্টাফ রিপোর্টার:
‘ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়নে কাজ করা হবে’—এমন প্রতিশ্রুতি দিয়ে চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক রোববার (৭ ডিসেম্বর) চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক করেছেন। বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই কর্মসূচিতে পাড়া-মহল্লা থেকে বাড়ি বাড়ি, সবখানেই মানুষের ঢল, উৎসাহ ও উচ্ছ্বাসের দৃশ্য চোখে পড়ে।
একাধিক উঠান বৈঠকে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আমাকে ধানের শীষে মনোনয়ন দিয়েছে। আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো। অনেক দিন ভোট দিতে পারেননি, এবার নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। আপনাদের সাথে দেখা করতে এসেছি। আপনারা আপনাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন।”
তিনি আরও বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। বাংলাদেশ এইমুহূর্তে বেগম খালেদা জিয়া ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই।”
ওয়ার্ডের মতলব রোড থেকে গণসংযোগে শুরু হয় এই কর্মসূচি। এরপর ঝিন্টু মালের বাড়ি, উত্তর আশিকার্টি মজুমদার বাড়ি বালু মাঠে উঠান বৈঠক, বাবুরহাট মডেল টাউন দীঘিরপাড় বালুর মাঠে উঠান বৈঠকসহ পুরো ওয়ার্ডে পাড়া-মহল্লা, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।
গণসংযোগে জেলা বিএনপির খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, ইমান আলী মিয়াজী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদস্য শেখ সালমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. কোহিনূর রশীদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল মাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর পাটওয়ারী, সাবেক সভাপতি মহসিন মজুমদার লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













