নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারী ও জামায়াত মনোনীত চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, জামায়াতে ইসলামী এ দেশে ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠা করতে চায় এবং কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। একই সাথে জনগণের অধিকার ও দেশের স্বাধীনতা রক্ষায় তারা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে প্রস্তুত।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার তালতলা বাজারে মৈশাদি ইউনিয়ন জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া তার বক্তব্যে বিগত দিনের চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জনগণের বারবার প্রতারিত হওয়া এবং দুর্ভোগ বাড়ার বিষয়টি তুলে ধরেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন “জামায়াতে ইসলামী সরকার গঠন করলে বাংলাদেশের মাটিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কোনো দখলবাজ বা সন্ত্রাস বাংলার মাটিতে থাকবে না। আমরা নিজেরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে আপনারা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার খবর শুনবেন না।”
তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আপনারা একটু মেহনত করুন। এর সুফল আপনারা পাবেন। আগামীর নির্বাচনে সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ উপহার পাবেন। যে রাষ্ট্রে সকল মানুষ সুখে ও শান্তিতে বসবাস করতে পারবে।”
বক্তব্যের পূর্বে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ফিতা কেটে ইউনিয়ন জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন করেন।
সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বেলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন: জেলা জামায়াতের প্রচার সম্পাদক নাছির উদ্দিন এবং সদর উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন মিয়াজী।
অন্যান্য বক্তারা ছিলেন সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য পিএম গিয়াস উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আব্দুল্লাহ মো. শাকুর, সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন তপদার, কাওসার নিহান ও সহ-সভাপতি মাওলানা হেলাল উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তালতলা মসজিদের ইমাম দোয়া ও মোনজাত পরিচালনা করেন। এরপর দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে তালতলা বাজারে একটি মিছিল বের হয়।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













