Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • আমাকে চাঁদপুরে পাঠানো হয়েছে উন্নয়নের জন্য: ডিসি নাজমুল ইসলাম

আমাকে চাঁদপুরে পাঠানো হয়েছে উন্নয়নের জন্য: ডিসি নাজমুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরকে একটি আধুনিক ও সুন্দর জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। তিনি এই লক্ষ্য অর্জনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন সভাটি পরিচালনা করেন।

জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, তিনি ইতোমধ্যে সাতটি জেলায় কাজ করেছেন, তবে চাঁদপুরে এসে তার মনে হয়েছে যেন তিনি এক মিলনমেলার মাঝে প্রবেশ করেছেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবকে সক্রিয় ও সহযোগিতামূলক উল্লেখ করে জানান, সাংবাদিকদের পাঠানো সংবাদ ও টেক্সট তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন।

তিনি জোর দিয়ে বলেন, “আমাকে চাঁদপুরে পাঠানো হয়েছে উন্নয়নের জন্য, আর সেই লক্ষ্যেই আমি কাজ করে যাবো।” ডিসি আরও বলেন, তিনি ‘দিতে এসেছেন, নিতে নয়’ এবং নিশ্চিতভাবে সাংবাদিকরা তার সহযোগী হবেন। তিনি এমন কিছু করে যেতে চান, যাতে “চাঁদপুর হাসবে” এবং তার নাম সবার মনে থাকবে।

জেলা প্রশাসক তার বক্তব্যে দেশের আগামী দিনের অগ্রযাত্রা এবং সরকার সম্পর্কে জনগণের প্রত্যাশা নিরপেক্ষ দৃষ্টিতে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে, নির্বাচনকেন্দ্রিক সকল সঠিক তথ্য জনগণের সামনে পৌঁছে দেওয়া সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা বলে তিনি উল্লেখ করেন।

জেলার প্রধান অর্থনৈতিক সম্পদ ইলিশ উৎপাদন বৃদ্ধির দিকেও তিনি নতুন কিছু পরিকল্পনার ইঙ্গিত দেন। পাশাপাশি, তিনি যোগদানের পর শহরের বিভিন্ন এলাকা একা ঘুরে এখানকার সামাজিক পরিবেশ, সংস্কৃতি এবং সাধারণ মানুষের চলাফেরা ও তাদের সমস্যা-ভাবনা প্রত্যক্ষ করেছেন বলে জানান।

এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল জেলার রেল, লঞ্চ, বাস যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক অ্যাড. ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিরা।

বক্তারা চাঁদপুরের চলমান ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, নদীভাঙন ও যোগাযোগব্যবস্থার চ্যালেঞ্জ, ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সকল বক্তার মতামত শোনার পর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার চাঁদপুরবাসীর জন্য সর্বোচ্চ দিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন: www.haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts