স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে নিরাপত্তা ইস্যু, পুলিশ সংস্কার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে, নির্বাচনের সময় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টিতে তিনি গুরুত্ব দেন। তিনি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি বাহারুল আলম রাষ্ট্রদূতকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ পুলিশের বিস্তারিত প্রস্তুতির বিষয়টিও তিনি তুলে ধরেন।
তিনি বলেন, “বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” তিনি পুলিশ সংস্কারের ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোকপাত করেন।
রাষ্ট্রদূত মাইকেল মিলার এ সময় জানান, আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২০০ জন পর্যবেক্ষক ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। তিনি আশা প্রকাশ করেন, এই সময়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশ পুলিশ বাহিনীর পেশাদারিত্ব এবং নিরাপত্তা প্রটোকলের বিষয়ে ইতিবাচক ধারণা অর্জন করবেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/








