নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর শহরের কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে ‘ঢাকা হোটেল’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে অধিদপ্তরটির চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কোর্ট স্টেশন এলাকায় এই তদারকি অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দেখা যায়, ঢাকা হোটেল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে। এছাড়া ফ্রিজে কাঁচা পণ্যের সাথে রান্না করা বাসি খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকারনামা প্রদান করেন।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, “জনস্বার্থে আমাদের এই তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। আজ একটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়েছে। ভোক্তা অধিকার রক্ষায় ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে।”
অভিযান চলাকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













