হাজীগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মো. রিহান খাঁন (১০) নামের এক দশ বছর বয়সী শিশুর বাম হাত বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত শিশুটি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামের হোসেন খাঁনের ছেলে।
জানা গেছে, দুর্ঘটনার সময় শিশু রিহান তার দাদি মমিনা খাতুনের সাথে একটি সিএনজিচালিত স্কুটারযোগে চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে আসছিল। পথে কৈয়ারপুল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাদের স্কুটারকে চাপা দেয়, যার ফলে শিশুটির বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়।
বিচক্ষণ দাদি মমিনা খাতুন তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন হাতের দিকে না তাকিয়ে শিশুটিকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল কৈয়ারপুল এলাকা থেকে বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, “শিশুটিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানোর সুযোগ তৈরি করতে তাকে দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) রেফার করা হয়েছে। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত।”
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “শিশুটির পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













