চাঁদপুর প্রতিনিধি:
দেশের বিশিষ্ট আলোকচিত্রী সুদীপ্ত সালামের ব্যক্তিগত সংগ্রহ থেকে ঐতিহ্য থেকে প্রকাশিত ৩০ খণ্ডের ‘রবীন্দ্র-রচনাবলি’ যুক্ত হলো সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর লাইব্রেরিতে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) আলোকচিত্রী সুদীপ্ত সালাম এ মূল্যবান গ্রন্থাবলি একাডেমির জন্য প্রদান করেন।
সাহিত্য একাডেমি সূত্র জানায়, প্রায় ২৩ হাজার পৃষ্ঠার এই বিশাল রচনাবলির বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান-এর অনুরোধে আলোকচিত্রী সুদীপ্ত সালাম তার ব্যক্তিগত সংগ্রহের এই অমূল্য সম্পদ একাডেমির পাঠকদের ব্যবহারের জন্য প্রদান করেন।
শনিবার সন্ধ্যায় একাডেমির মহাপরিচালক কাদের পলাশ-এর কাছে আনুষ্ঠানিকভাবে এসব গ্রন্থের কপি হস্তান্তর করেন পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে একাডেমির সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, এবং সাধারণ সদস্য মুহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম শান্ত, ইমরান শাকির ইমরু উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান জানান, আলোকচিত্রী সুদীপ্ত সালামের এই উপহার একাডেমির লাইব্রেরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এর ফলে পাঠক, লেখক ও গবেষকরা রবীন্দ্রনাথের সমস্ত সাহিত্যকর্ম সহজে হাতের কাছে পাবেন এবং নিঃসন্দেহে উপকৃত হবেন।
সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ আলোকচিত্রী সুদীপ্ত সালামকে ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা চাই সাহিত্য নিয়ে পঠন-পাঠন, চর্চা ও গবেষণা আরও বৃদ্ধি পাক। সুদীপ্ত সালামের দেওয়া এই বইগুলো একাডেমির পাঠাগারকে আরও বেশি সমৃদ্ধ করেছে।”
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













