নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো: গোলাম জাকারিয়াকে মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। গত ১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং মো: গোলাম জাকারিয়া। তিনি ২৮তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা এবং পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা এই কর্মকর্তা বর্তমানে চাঁদপুরে দ্বৈত দায়িত্ব পালন করছিলেন।
চাঁদপুরে দায়িত্ব পালনকালে মো: গোলাম জাকারিয়ার বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, তার মেয়াদে একাধিকবার পৌরসভার পানির বিল বৃদ্ধি এবং পৌরকর বাড়ানোর ফলে সাধারণ নাগরিকরা বিপাকে পড়েন।
এছাড়া তার বিরুদ্ধে উত্থাপিত অন্যান্য অভিযোগগুলো হলো শহরের প্রাণকেন্দ্র ‘ইলিশ চত্বরে’ সৌন্দর্যবর্ধনের নামে মূল নকশা ও সৌন্দর্য বিনষ্ট করা। পৌরসভার ১২০ বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী দাতব্য চিকিৎসালয়টি বন্ধ করে দেওয়া। দীর্ঘ সময় ধরে পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সংস্কার না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছানো।
এসব কারণে তার বদলির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সচেতন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে নিয়মমাফিক বদলি বললেও, ভুক্তভোগী নাগরিকদের একাংশ একে তার বিতর্কিত কর্মকাণ্ডের ফল হিসেবে দেখছেন।













