নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। এসময় এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন প্রার্থীর সমর্থক ও দলীয় নেতাকর্মীরা।
বক্তব্যে মাওলানা বিল্লাল মিয়াজী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, “আগামীর নির্বাচন হবে সকল প্রকার অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নেওয়ার লড়াই। এটি কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং শ্রমজীবীসহ সাধারণ মানুষের নায্য অধিকার আদায়ের নির্বাচন।”
তিনি আরও বলেন, “ফরিদগঞ্জের অবহেলিত জনপদকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদে রূপান্তর করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। আমরা ক্ষমতায় এলে এ অঞ্চলের শিক্ষা ও চিকিৎসা খাতের আমূল পরিবর্তন করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ইনশাআল্লাহ, প্রতিটি ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
উপস্থিত নেতৃবৃন্দ গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ম. হারুন আর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা আমীর মাওলানা ইউনুছ হেলাল, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন এবং উপজেলা সহকারী সেক্রেটারি ছিদ্দিকুর রহমান।
পূর্ব গুপ্টি ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. শামীম আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা ভোটারদের উদ্দেশ্যে বলেন, শোষণমুক্ত ও সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়তে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিকল্প নেই। এলাকার উন্নয়নে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর মতো একজন সৎ ও আমানতদার ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানান তারা।













