নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর চাঁদপুর শহরের ঐতিহাসিক হাসান আলী স্কুল মাঠে এই জানাজা সম্পন্ন হয়।
জানাজা শুরুর অনেক আগেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ মাঠে জড়ো হতে থাকেন। মুহূর্তেই পুরো স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়।
জানাজার আগে জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও মোশারফ হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।
জানাজায় অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার ও প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন আহমেদ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী ও সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ, জেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, গণঅধিকার পরিষদ আহ্বায়ক কাজী রাসেল সহ অন্যান্য দল ও সংগঠনের নেতৃবৃন্দ।
গায়েবানা জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন থানা বিএনপির সদস্য মাওলানা ওয়ালি রহমান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা শেষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করা হয়।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













