নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চাঁদপুর সফরে যাচ্ছেন। সেনাবাহিনী প্রধানের এই সফরকে কেন্দ্র করে চাঁদপুরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চাঁদপুর পৌঁছাবেন সেনাপ্রধান। তিনি চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এলাকায় অবস্থিত সদর আর্মি ক্যাম্পে অবস্থানরত ২১ বীর ব্যাটালিয়ন পরিদর্শন করবেন। সেখানে তিনি সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান ও ব্যাটালিয়নের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে আশা করা হচ্ছে।
ব্যাটালিয়ন পরিদর্শন শেষে ওই একই স্থান থেকে তিনি লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আর্মি ক্যাম্প সংলগ্ন ঘাট থেকে লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে সেনাপ্রধানের এই সফর সম্পর্কে গতকাল চাঁদপুরের জেলা প্রশাসক সংবাদমাধ্যমকে জানান, সেনাবাহিনী প্রধানের চাঁদপুর আগমনের বিষয়টি তাঁরা অবগত হয়েছেন। তবে তাঁর সফরের বিস্তারিত আনুষ্ঠানিক কর্মসূচি এখনো জেলা প্রশাসনের হাতে পৌঁছায়নি।
একই বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার জানান, সেনাপ্রধানের চাঁদপুর সফরের বিষয়ে পুলিশ প্রশাসন এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা লিখিত নির্দেশনা পায়নি। তবে সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট বিভাগগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সেনাক্যাম্পগুলোর নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সেনাপ্রধানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













