নিজস্ব প্রতিবেদক:
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫। রোববার সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মাদক শুধু একটি পরিবারকে নয়, বরং পুরো সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, তরুণ সমাজকে সৃজনশীল ও সুস্থ ধারার কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও যোগ করেন, “সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। প্রশাসন সবসময় এ ধরনের ইতিবাচক ও মাদকবিরোধী উদ্যোগের পাশে থাকবে।”
ক্রীড়া সংগঠক ফয়সাল গাজী বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনী দিনে জানানো হয়, এই টুর্নামেন্টে দ্বৈত (Doubles) ক্যাটাগরিতে মোট ৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













