হাইমচর প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর ও চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ খতিব আওলাদে রাসূল (সা.) শায়েখ মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহিরী জাবেরী আল মাদানী বলেন, অত্যন্ত দুঃখজনক খবর হলো আমাদের সারাদেশে যে মডেল মসজিদ তৈরি করা হয়েছে, এই মডেল মসজিদের ইমাম, খতিব এবং মোয়াজ্জেম নিয়োগ দেওয়ার সময় অসাধু কিছু লোক ঘুষের মাধ্যমে তাদেরকে চাকরির ব্যবস্থা করেছে। এবং অনেক খতিব সাহেব সেখানে ঘুষ দিয়ে খুতবা দিচ্ছেন, আমাদের কাছে তাদের তালিকা এসে গেছে, ইনশাআল্লাহ প্রমাণিত হলে, যারা দুর্নীতি করে এই খতিব, ইমাম এবং মোয়াজ্জেমের দায়িত্ব নিয়েছেন, একজনকেও মসজিদে রাখা হবে না।
যারা অন্যায় করে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না, এবং হারামের উপর ভিত্তি করে কোন ইমামকে নামাজ পড়াতে যাওয়া হবে না। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের সব কেন্দ্রগুলো চলে কিনা আমাদেরকে তথ্য দিবেন।
গতকাল সোমবার দিবাগত রাতে চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী কাটাখালী জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে তিনি এই বক্তব্য রাখেন।
কাটাখালী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম আখন-এর সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হয়। মসজিদের সেক্রেটারি ওসমান গনি তপাদার এর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। হাইমচর দারুন্নাজাত মডেল মাদরাসা পরিচালক মাওঃ মোঃ খোরশেদ আলম অত্যন্ত সুচারুভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী ছাহেব।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা বাম্পার নূরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক ও নয়াপনটন P.W.D জামে মসজিদ খতিব আলহাজ্ব হযরত মাও সালাউদ্দিন চাঁদপুরী এবং কাটাখালী হামিদীয়া আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাও: আব্দুল্লাহ আল মামুন সাহেব।
ওয়াজ পেশ করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাও: নাজির আহমদ।
বক্তাগণ ইসলাম ও মুসলমানদের ঈমান, আমল, এবং বিশ্বশান্তি কামনায় পবিত্র কুরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আরো পড়ুন: www.haimcharprotidin.com













