হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে মদ ও ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে মো. মনির হোসেন প্রধানীয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরীক্ষায় তাঁর নমুনায় অ্যামফেটামিন ও মেথামফেটামিনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
হাইমচর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এএসআই হান্নান উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর গ্রামের প্রধানীয়া কান্দি নদীর পাড়ে মনির হোসেন প্রধানীয়ার বসতঘর থেকে তাঁকে আটক করা হয়।
পরে তাঁকে চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়। পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার প্রতিবেদনে অ্যামফেটামিন (AMP) ও মেথামফেটামিন (MET)—উভয় ক্ষেত্রেই পজিটিভ ফল পাওয়া যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ও ২৫ ধারায় হাইমচর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৪৮, তারিখ ২৯ অক্টোবর ২০২৬। পরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়।












