হাইমচর অফিস:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন উপলক্ষে চাঁদপুরের হাইমচরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, উপজেলা এলজিইডি প্রকৌশলী আশরাফুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল হুদা, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল প্রমুখ।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ এবং মানবতাবাদী সাহিত্যকর্ম বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় কবির স্মৃতিবিজড়িত গান ও কবিতা নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।














