হাইমচর অফিস:
চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ ১৪৩৩ বঙ্গাব্দ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। সভায় পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলাসহ বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন হাইমচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু তাহের সরদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মহসিন মিয়া পেদা, সাংবাদিক আলমগীর হোসেন আসিফ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, “বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দলমত নির্বিশেষে এই উৎসবকে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে আমরা বদ্ধপরিকর। মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে দিনব্যাপী নানা আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।”
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। সভায় পহেলা বৈশাখের অনুষ্ঠানমালার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিশেষে, সকলের সহযোগিতায় একটি বর্ণাঢ্য উৎসব উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।













